বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভালে এবার দেখা যাচ্ছে একদল ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরকে। এতদিন যারা কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছিলেন, তাদের উপস্থিতি চলচ্চিত্র জগতের এই আলোকোজ্জ্বল মঞ্চে এক নতুন মাত্রা যোগ করেছে।
গত ১২ মে থেকে শুরু হওয়া ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ইনফ্লুয়েন্সার, ফ্যাশন সমালোচক, নৃত্যশিল্পী, শেফ ও উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি ভারতীয় দল উৎসবের অফিসিয়াল পার্টনার ‘ব্রুট ইন্ডিয়া’-এর আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন নিরঞ্জন মণ্ডল, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাফটারসেন’ নামে পরিচিত। তার তৈরি বাঙালি সংস্কৃতি ও পারিবারিক জীবনের রোজনামচা নিয়ে ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছে।
কানের রেড কার্পেটে নিজের অভিষেক প্রসঙ্গে নিরঞ্জন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কান চলচ্চিত্র উৎসবে আমাদের অভিষেক হতে যাচ্ছে… মনে হচ্ছে একটা স্বপ্ন সত্যি হলো।’ তার এই বার্তাটি সহ-কন্টেন্ট ক্রিয়েটর এবং জনপ্রিয় তারকাদের কাছ থেকে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে। নিরঞ্জন ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রিদা থারানা, দিশা মদন, কৃতিকা, ইশিতা মঙ্গলা এবং রুপিন্দর কৌর গিলের মতো ক্রিয়েটররাও এই উৎসবে নিজেদের মেলে ধরেছেন।
নৃত্যশিল্পী নিধি কুমার, লাইফস্টাইল ও বিউটি ক্রিয়েটর স্মৃতি খান্না, ঈশানি মিত্র ও পবিত্রা কৌরও এই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। এই ঘটনাটি ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের জন্য এক বড় স্বীকৃতি এবং সাফল্যের নতুন দুয়ার উন্মোচন করেছে বলে মনে করছেন অনেকে।
রিপোর্টারের নাম 
























