সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে, পূর্বের ১০টি মামলার সঙ্গে নতুন দুটি মামলায় জামিন বহাল হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ প্রদান করেন। সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ১০ মে, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দিয়েছিলেন।
জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। পরবর্তীতে এই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হলে তা স্থগিত হয়ে যায়। এই পাঁচটি মামলার মধ্যে তিনটি ছিল হত্যা মামলা এবং বাকি দুটি ছিল হত্যাচেষ্টার মামলা।
পরবর্তীতে, ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এই পাঁচটি মামলায় হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
পাঁচটি মামলার মধ্যে চারটি মামলা ছিল ফতুল্লা থানায় দায়েরকৃত বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি দায়ের হয়েছিল সদর মডেল থানায়।
এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন এবং গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে মামলাটি পাঠান। এই দশটি মামলায় আপিল বিভাগে শুনানি শেষে জামিন বহাল রাখা হয়। পরবর্তীতে, আরও দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং হাইকোর্ট বিভাগ ৩০ এপ্রিল সেই দুই মামলায় জামিন দেন। সেই দুই মামলায় আজ (রবিবার) আপিল বিভাগের চেম্বার জজ আদালত জামিন বহাল রেখেছেন।
রিপোর্টারের নাম 



















