দুই বছর আগে বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় হাক্কা ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আদিব আলম আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তবে, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ আত্মসমর্পণের আবেদন করে শুনানির পর তা প্রত্যাহার করে নিয়েছেন।
সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত আদিবের জামিনের আদেশ দেন। একই আদালত থেকে আত্মসমর্পণের জামিন আবেদনের শুনানি শেষে নিহাদ তার আবেদন প্রত্যাহার করে নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ এপ্রিল এই দুই আসামিসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আজ তারা উভয়েই আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদিবের পক্ষে অ্যাডভোকেট হাদিউজ্জামান জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘ওই ভবনে যে হাক্কা ঢাকা রেস্টুরেন্ট ছিল, সেটি এই আসামির মালিকানাধীন নয়। তার নামে তেজগাঁও ও মোহাম্মদপুরে দুটি রেস্টুরেন্ট রয়েছে। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি স্বেচ্ছায় জামিন নিতে এসেছেন এবং জামিন পেলে পলাতক হবেন না।’
রমজানুল হক নিহাদের পক্ষে অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘তিনি একজন ডেভেলপার এবং ২০১৫ সালে বিল্ডিংটি হস্তান্তর করেন। গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে তিনি ভবন মালিকদের সতর্কতামূলক নোটিশ দিয়েছিলেন। ঘটনার সময় তিনি মালয়েশিয়া অবস্থান করছিলেন।’
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রত্যেকের যোগসাজশে সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। কাচ্চি রেস্টুরেন্টের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কেউ বিল না দিয়ে যেতে না পারে। ধোঁয়ায় আটকে অনেকে মারা গেছেন। তাই জামিনের বিরোধিতা করে তাদের কারাগারে পাঠানোর প্রার্থনা করছি।’
এসময় আসামিপক্ষ থেকে জানানো হয় যে, অনেক আসামি এই মামলায় জামিনে আছেন। এর জবাবে শামছুদ্দোহা সুমন বলেন, ‘যারা জামিনে আছেন, তারা জেল খেটে জামিন পেয়েছেন।’
পরবর্তীতে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ ১৯ মে (মঙ্গলবার) পর্যন্ত আদিবের জামিনের আদেশ দেন। নিহাদের বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে নিহাদের পক্ষে তার আইনজীবী আত্মসমর্পণের আবেদন প্রত্যাহার করে নেন।
আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেছিলেন তারা। এই বিষয়ে দুপুরের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।
রিপোর্টারের নাম 






















