অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের হামের টিকা নিয়ে ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে।
গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। হামের টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তিনি এই রিট করেন। তার অভিযোগ, এই সিদ্ধান্তের কারণে দেশজুড়ে বিলুপ্তপ্রায় হাম রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যাতে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ নাগরিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রিটে একটি তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের সদুত্তর না পেয়ে ব্যারিস্টার আশরাফুল ইসলাম হাইকোর্টে এই রিট দায়ের করেন।
রিপোর্টারের নাম 




















