দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত আরও দুই বছর সময় লাগবে। শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের একটি নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছে। এই সংকটের ফলে কেবল জ্বালানি খাতেই আগামী অর্থবছরে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। এছাড়া বিদ্যুৎ খাত ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে গত দুই মাসেই প্রায় ৫০ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। এসব কারণে জাতীয় অর্থনীতি বর্তমানে বেশ চাপের মধ্যে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে আমির খসরু বলেন, আগের সরকারের আমলে এই খাতে ব্যাপক লুটপাট হয়েছে। তবে বর্তমান সরকার কেবল বরাদ্দ দিয়েই ক্ষান্ত হবে না, বরং প্রতিটি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর মনিটরিং করবে। তিনি আরও জোর দিয়ে বলেন, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানের পেশাদারিত্ব বজায় রাখতে সরকার কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না, কারণ এসব প্রতিষ্ঠানের মান নষ্ট হওয়া মানে গোটা রাষ্ট্রেরই ক্ষতি হওয়া।
রিপোর্টারের নাম 






















