কাগজে-কলমে ‘ক’ শ্রেণির মর্যাদা পেলেও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে মুন্সীগঞ্জ পৌরসভা। পরিকল্পিত উন্নয়নের অভাব আর ক্রমবর্ধমান জনদুর্ভোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সৃষ্ট জলাবদ্ধতা এবং যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ এখন পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী। এছাড়া প্রতিটি ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাঘাট এবং নিয়মিত মশা নিধন কার্যক্রমের অনুপস্থিতি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
নাগরিক সেবা নিশ্চিত না করেই সম্প্রতি পৌর কর কয়েকগুণ বৃদ্ধি করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের সময় পৌর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে বর্তমানে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পৃথক দুটি অস্থায়ী কার্যালয় থেকে সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রত্যাশীরা। শহরের প্রধান সড়কগুলোতে অতিরিক্ত অটোবাইকের চাপে সৃষ্ট যানজট নিরসনেও কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না। ফলে সব মিলিয়ে এক সময়ের ঐতিহ্যবাহী এই জনপদ এখন বহুমুখী সমস্যায় জর্জরিত।
রিপোর্টারের নাম 

























