বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল তরুণ। শুক্রবার বিকেলে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’ এমন শ্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা এই বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীরা জানান, তারা সবাই এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী। তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শাকিল শেখ গোপনে বিয়ে করেছেন, যা তারা অনেক পরে জানতে পেরেছেন। মূলত এই লুকোচুরির কারণে ক্ষোভ নয়, বরং গভীর অভিমান থেকেই তারা এমন প্রতীকী প্রতিবাদের আয়োজন করেন। ব্যস্ত মহাসড়কে এমন ভিন্নধর্মী কর্মসূচি দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
পুরো আয়োজনটি হাস্যরসের আবহে পরিচালিত হলেও বন্ধুত্বের গভীরতার বার্তা ছিল স্পষ্ট। বিক্ষোভ শেষে বন্ধুরা নবদম্পতির সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
রিপোর্টারের নাম 























