রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য, আধুনিক এবং পরিবেশবান্ধব ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শুক্রবার বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন এলাকায় শাহবাগ থানা বিএনপি আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, নগরীকে সুন্দর রাখতে শুধু সিটি কর্পোরেশন নয়, বরং প্রশাসন ও রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
আসন্ন বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রশাসক। তিনি জানান, সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নগরজুড়ে বিশেষ কার্যক্রম চলছে। তবে নাগরিকদের সচেতনতা ছাড়া এই লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়। বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
সবুজায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে প্রশাসক বলেন, ঢাকা শহরকে সুশোভিত করতে রাজনৈতিক সংগঠনগুলোর এমন উদ্যোগ প্রশংসনীয়। চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নগরবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























