ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উসকানি বন্ধ এবং মুসলিম জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান।
সংগঠনের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি দেশবাসী মেনে নেবে না। জাতীয় স্বার্থ রক্ষায় সরকারকে আরও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা। একইসঙ্গে মুসলিম উম্মাহর ওপর যেকোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন জমিয়ত নেতারা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে সমাবেশে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 























