দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন ও পরিবেশবান্ধব করতে আগামী বাজেটে বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি জানিয়েছেন, এটি প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত একটি বিশেষ প্রতিশ্রুতি যা আগামী বাজেটে কার্যকর হতে যাচ্ছে।
শুক্রবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। এসময় তিনি ঐতিহ্যবাহী এই কলেজের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, কলেজের পরিবহন সংকট নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে ‘একেএম আবু তাহের ফাউন্ডেশন’ থেকেও একটি বাসের ব্যবস্থা করা হবে।
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস করেছে এবং কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছে। কুমিল্লার কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করার বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















