মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
ড. রেজাউল হক আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। পরবর্তীতে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং কয়েক বছর আগে অবসরে যান। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং সাবেক আইজিপি ড. এম এনামুল হকের ভাই। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রেজাউল হকের দাফন আমেরিকাতেই সম্পন্ন হবে। শুক্রবার জুমার নামাজের পর তার নিজ গ্রাম গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রিপোর্টারের নাম 























