জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবান ফোরাম ১৩’ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে। আগামী ১৭ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৭১টি দেশের সরকারপ্রধান, মন্ত্রী এবং নীতিনির্ধারকরা অংশ নেবেন। বাংলাদেশি সামাজিক সংগঠন ‘ওয়ার্ল্ড লিংকআপ’ এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশেষ আমন্ত্রণ পেয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ। সম্মেলনে তাদের উদ্ভাবনী প্রকল্প ‘স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’ এবং পরিবেশ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রিসাইলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের ইউএন-হ্যাবিটেট কর্তৃক এই স্বীকৃতি বাংলাদেশের জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সংগঠনটি জানিয়েছে, তাদের এই প্রকল্পের লক্ষ্য হলো প্রতি বছর প্রায় ৩০ মিলিয়ন টন জৈব বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করা এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা। মূলত তরুণদের নেতৃত্ব এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। এই বৈশ্বিক মঞ্চে নিজেদের কার্যক্রম তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের তরুণদের মেধা ও উদ্ভাবন বিশ্বদরবারে পরিচিতি পাবে।
রিপোর্টারের নাম 























