রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বৃহস্পতিবার এক জরুরি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ অনুযায়ী এই নিয়োগের আদেশ দেওয়া হলেও দিন পার হওয়ার আগেই তা প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত নতুন প্রজ্ঞাপনে নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হলেও এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা উল্লেখ করা হয়নি। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণসহ শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























