গাজীপুরের কাপাসিয়া উপজেলায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. নাঈম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ও তার এক বন্ধু নিহত হয়েছে। বুধবার ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাঈম কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। সে ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। অপর নিহত কিশোরের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে সে নাঈমের বন্ধু বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ধীরাশ্রম রেলস্টেশন অতিক্রম করার সময় দুই বন্ধু রেললাইনের পাশে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, রাত ৮টার দিকে নাঈম জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য ভিডিও ধারণ করতে গিয়েই তারা এই দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাঈমের লাশ শনাক্ত করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
রিপোর্টারের নাম 
























