নাটোরের গুরুদাসপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক আসমা শাহীন তৃণমূল পর্যায়ে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ইউপি চেয়ারম্যান ও সদস্যরাই মূল মাধ্যম। তাই সরকারের নির্ধারিত টিআর, কাবিটা ও কাবিখার মতো প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, একই প্রকল্প একাধিক সংস্থার মাধ্যমে গ্রহণ করা অর্থের অপচয়। তাই উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় এবং বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প যেমন খাল খনন ও বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভা শেষে তিনি ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক এবং আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপকালে তিনি নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত কর আদায়ের ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 

























