পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রলোভনে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও তারা উপস্থিত না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ১৮ ডিসেম্বর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার অংশীদার করার কথা বলে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখে মোট সাতাশ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসার কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি।
বাদী টাকা ফেরত চাইতে গেলে তারা নানাভাবে কালক্ষেপণ করেন। একপর্যায়ে গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাওয়ার জন্য তারা বাদীকে হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন সেখানে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দিয়ে বলেন যে, এরপর বাসায় টাকা চাইতে গেলে জানে মেরে ফেলা হবে। এই ঘটনার পর ভাটারা থানার পরামর্শে আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন।
রিপোর্টারের নাম 

























