মার্কিন আগ্রাসনের কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, বাহরাইনে তাদের হামলায় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী ড্রোন বহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং মার্কিন সামরিক ড্রোন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। এই অভিযানের ফলে মার্কিন সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুয়েতেও মার্কিন বাহিনীর ওপর বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে তেহরান। সেখানে প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাঙ্কার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। এর আগে আইআরজিসি কুয়েতের আলি সালেম এবং আহমদ আল-জাবের ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ইরানের এমন ব্যাপক হামলাকে বড় ধরনের সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















