কুষ্টিয়ায় জুলাই বিপ্লবের সময় সংঘটিত ছয় হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
এর আগে বুধবার, ১৩ মে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। ইনুর পক্ষে তাঁর আইনজীবী মুনসুরুল হক চৌধুরী যুক্তিতর্ক শেষ করেন। আসামিপক্ষ মোট নয় দিন ধরে তাদের যুক্তি উপস্থাপন করে এবং শুনানিতে বিভিন্ন আইনি দিক তুলে ধরে। তারা আরও দাবি করে যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না।
মুনসুরুল হক চৌধুরী বলেন, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন যে, হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না। গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছিল। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। তাঁর যুক্তি শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল শুনানি ৭ মে পর্যন্ত মুলতবি করেন। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















