কোরবানির বাজারে এবার ২২ লাখ টাকা দাম হাঁকানো হয়েছে ‘কালো মানিক’ নামের একটি ষাঁড়কে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার পালিত এই ষাঁড়টি নিয়ে এবারও ব্যাপক আলোচনা চলছে। গত বছর এই ষাঁড়টি বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যা পরে ফেরত আসে।
সোহাগ মৃধা জানান, তিনি আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী। প্রায় সাত বছর আগে কেনা একটি ফ্রিজিয়ান জাতের গাভীর বাচ্চা হিসেবে জন্ম নেয় এই কালো ষাঁড়টি। আদর-যত্নে বড় হওয়া ‘কালো মানিক’ বর্তমানে ১ হাজার ৮০০ কেজি ওজনের, ১১ ফুট লম্বা এবং ৬ ফুট উঁচু। সোহাগ মৃধা ও তার পরিবার এই ষাঁড়টিকে পরম যত্নে লালন-পালন করেছেন। তিনি বলেন, ‘আমার বাবা বেলায়েত হোসেন মৃধা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমিও দলের একজন সাধারণ কর্মী।’ গত বছর বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার পর তার ইচ্ছা ছিল প্রিয় নেত্রীকে তার প্রিয় ষাঁড়টি উপহার দেবেন। সেই ভাবনা থেকেই তিনি গত বছরের ৫ জুন ‘কালো মানিক’কে খালেদা জিয়ার গুলশানের বাসায় নিয়ে যান। ম্যাডাম ষাঁড়টি গ্রহণ করলেও পরে তা ফেরত দেন। সে সময় তিনি তারেক রহমানের সঙ্গেও ভিডিও কলে কথা বলেন এবং পরিবারের সবার জন্য ঈদ উপহারও পেয়েছিলেন।
সোহাগ মৃধা আরও জানান, গত বছর ষাঁড়টি বিক্রি করতে পারেননি। এ বছর এর ওজন প্রায় ১০ মণ বেড়েছে এবং দামও গতবারের চেয়ে বেশি হবে বলে আশা করছেন। তবে তার মনে কষ্ট, প্রিয় নেত্রী আর বেঁচে নেই। যদি ষাঁড়টি বিক্রি হয়, তবে এর কিছু অংশ দিয়ে তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করবেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা ষাঁড়টির সেবাযত্ন করছেন।
রিপোর্টারের নাম 

























