লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন প্যারামেডিক এবং একজন লেবানিজ সেনাসদস্য রয়েছেন। গত মঙ্গলবার যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই দেশটির বিভিন্ন স্থানে অর্ধশতাধিক হামলা চালায় ইসরায়েল। এই হামলায় আরও অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান বাহিনী টায়ার জেলার ২৩টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিশেষ করে আল-মানসুরি, শ্রীফা এবং আরজুন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নাবাতিয়াহ জেলায় ১২টি হামলা চালানো হয়েছে, যেখানে একটি বাড়িতে সরাসরি বোমা বর্ষণে দুইজন এবং জেবচি এলাকায় এক সেনাসদস্যসহ তিনজন প্রাণ হারান।
উদ্ধার অভিযান চলাকালেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নাবাতিয়াহতে আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয় একটি বেসামরিক প্রতিরক্ষা দল। এতে ঘটনাস্থলেই দুইজন প্যারামেডিক ও একজন বেসামরিক নাগরিক নিহত হন। যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননজুড়ে ইসরায়েলি এই আগ্রাসন পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
রিপোর্টারের নাম 





















