নাটোরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস।
আলোচনা সভায় বক্তারা সরকারের অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা এবং সরকারি হাসপাতালগুলোতে শিশু বিকাশ কেন্দ্র ও অটিজম কর্নার স্থাপন সরকারের অন্যতম সেবা। এই কেন্দ্রগুলো নিবিড় চিকিৎসা ও সহায়তা প্রদান করছে।
বক্তারা আরও উল্লেখ করেন, অটিজম এখন আর কোনো সীমাবদ্ধতা নয়, বরং সচেতনতা ও সঠিক পরিচর্যার মাধ্যমে এই জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত রাখা সম্ভব। তারা সরকারি দপ্তরগুলোতে অটিজম বিষয়ক সেবা গ্রহণের গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অটিজম আক্রান্ত মোট ১৩ জনকে বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে ছিল হুইল চেয়ার, অক্সিলারী চেয়ার, ট্রাইসাইকেল এবং ওয়াকার, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সহায়তা করবে।
রিপোর্টারের নাম 

























