বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ভিন্ন মানবিক দিক উন্মোচিত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, মস্কোতে পুতিন তার স্কুলজীবনের প্রিয় জার্মান ভাষার শিক্ষিকা ভেরা দিমিত্রিয়েভনা গুরেভিচের সঙ্গে সাক্ষাৎ করে তাকে উষ্ণ শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছেন। ক্রেমলিন থেকে প্রকাশিত এই ভিডিওতে পুতিনের এক বিরল ‘কোমল’ আচরণ ফুটে উঠেছে, যা নেটিজেনদের মুগ্ধ করেছে।
মস্কোয় অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেড দেখার জন্য পুতিন তার প্রিয় শিক্ষিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তিনি গুরেভিচের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেন। ভিডিওতে আরও দেখা যায়, পুতিন দীর্ঘ সময় ধরে শিক্ষিকার সঙ্গে একান্তে গল্প করেন এবং তাদের পুরোনো স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। এরপর তিনি তাকে নৈশভোজে নিয়ে যান।
সম্মান প্রদর্শনের এখানেই শেষ নয়; নৈশভোজ শেষে পুতিন নিজেই গাড়ি চালিয়ে তার শিক্ষিকাকে সরাসরি ক্রেমলিনে পৌঁছে দেন। তৎকালীন লেনিনগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) শৈশবে যে নারী তাকে জার্মান ভাষা শিখিয়েছিলেন, তার প্রতি পুতিনের এমন কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন দেখে অনেকেই তার এই ‘আবেগপ্রবণ ও মানবিক’ আচরণের প্রশংসা করছেন। উল্লেখ্য, পুতিন জার্মান ভাষায় বেশ সাবলীল এবং এর আগেও ২০০৫ সালে ইসরায়েল সফরের সময় তার উচ্চবিদ্যালয়ের আরেক জার্মান শিক্ষিকার সঙ্গে দেখা করেছিলেন, যা সে সময়ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
রিপোর্টারের নাম 





















