কবি ও চিন্তক ফরহাদ মজহার দাবি করেছেন যে, বাংলাদেশে যুক্তরাষ্ট্র ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তন ঘটিয়েছে এবং বর্তমানে দেশবাসীর হাতে প্রকৃত ক্ষমতা নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সামনে বড় ধরনের বিপদ ধেয়ে আসছে এবং দেশের বাইরে থেকেও হিন্দুত্ববাদী শক্তির হুমকির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সবাইকে বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে ‘শাপলা চত্বরের গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। ফরহাদ মজহার তার বক্তব্যে শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলেও তার তৈরি করা প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা বা ‘হাসিনাহীন হাসিনা ব্যবস্থা’ এখনও বহাল রয়েছে। নির্বাচনের মাধ্যমে শাসন পরিবর্তন হলেও প্রকৃত গাঠনিক ক্ষমতা অর্জিত হয়নি বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























