বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া ডিবি পুলিশের একটি দল সোমবার দিবাগত মধ্যরাতে মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানিয়েছেন, একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে। অরুণ কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের বাসিন্দা এবং তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সময় ও তার আগে হত্যাসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৮ মে ধুনট থানা পুলিশ ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই খোকনকে গ্রেফতার করেছিল। সিটনকে গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে ষড়যন্ত্রমূলক মামলা উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
রিপোর্টারের নাম 




















