দিনাজপুরের চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতে বাবা ও সৎ ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে।
নিহতরা হলেন বাবা দুলু মিয়া (৭০) এবং তাঁর প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। আহত হাবিল হোসেনকে (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে প্রায় ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা সম্প্রতি তীব্র আকার ধারণ করে। এরই জেরে মঙ্গলবার সকালে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব নিজ বাড়িতে প্রবেশ করে বাবা দুলু মিয়ার শয়নকক্ষে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে প্রথম পক্ষের ছেলে হাবিল ও কাবিল এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এ সময় কাবিল হোসেনকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর ভাই হাবিলও হামলায় আহত হন। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার ওসি মাহমুদুল নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
রিপোর্টারের নাম 




















