গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে। দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) এই হিসাব জমা দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা এই হিসাব বিবরণী ইসির সিনিয়র সচিবের কাছে জমা দেন।
হিসাব অনুযায়ী, এই ব্যয়ের মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। এছাড়াও, নির্বাচনি ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং বিভিন্ন বিজ্ঞাপনে এই অর্থ ব্যয় করা হয়েছে।
নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৬৮টি আসন পেয়েছিল, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি আসন লাভ করে।
রিপোর্টারের নাম 
























