বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার দায়ে এক কর্মীকে সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনের শুরুতেই তিনি বরিশাল সদর হাসপাতালের টিকিট কাউন্টারে একজনকে অনুপস্থিত পান এবং তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্তের নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন।
হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেখানে দালালদের দৌরাত্ম্য বেড়েছে বলে রোগীরা অভিযোগ করেছেন। তিনি অনতিবিলম্বে অভিযান চালিয়ে দালালদের আটকের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া হাসপাতালের ভেতরের ও বাইরের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় ক্ষোভ প্রকাশ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব পরিষ্কার করার সময়সীমা বেঁধে দেন।
সফরকালে মন্ত্রী নগরীর আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন। তিনি জানান, আগামী আগস্ট মাসের মধ্যেই শিশু হাসপাতালটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এছাড়া নির্মাণাধীন ২৫০ শয্যার ক্যানসার হাসপাতালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে গণপূর্ত বিভাগকে কড়া নির্দেশনা প্রদান করেন তিনি।
রিপোর্টারের নাম 

























