গাজীপুরের প্যান এশিয়া ক্লদিং লিমিটেড পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থতা বোধ করেন। অল্প সময়ের মধ্যে প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় দুটি হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে প্রায় ১৫ জন শ্রমিক এখনও হাসপাতালে ভর্তি আছেন, যদিও চিকিৎসকরা জানিয়েছেন তারা সবাই আশঙ্কামুক্ত।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান এই ঘটনা প্রসঙ্গে বলেন, শ্রমিকরা মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরা ও বমির সমস্যা দেখা যাচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, তিনি হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নিয়েছেন। এখন পর্যন্ত ৫৫ জনের মতো শ্রমিক হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকরা এটিকে ‘ম্যাস হিস্টিরিয়া’ বা ‘ম্যাস সাইকোজেনিক ডিজিজ’ বলে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, সবাই আশঙ্কামুক্ত এবং অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
রিপোর্টারের নাম 























