বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জন জেলেকে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি জেলে এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরের বিভিন্ন স্থানে আটকে রাখা হয়েছিল।
আটক জেলেদের উদ্ধারে বিজিবি মানবিক দিক বিবেচনা করে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘ আলোচনা ও প্রচেষ্টার পর অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। মানবিক বিষয় বিবেচনায় নিয়ে তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও, এখনও যেসব বাংলাদেশি জেলে মিয়ানমারে আটক রয়েছেন, তাদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 






















