চিকেনের ঝোল, ফ্রাই কিংবা কাবাব তো নিয়মিতই খাওয়া হয়। তবে স্বাদে ভিন্নতা আনতে এবং মুখের রুচি ফেরাতে ঝাল ঝাল চিকেন ভর্তা হতে পারে সেরা পছন্দ। বিশেষ করে যারা অসুস্থতার পর খাবারের স্বাদ পাচ্ছেন না, তাদের জন্য এই পদটি অত্যন্ত মুখরোচক।
এই সুস্বাদু চিকেন ভর্তা তৈরির জন্য প্রথমে আধা কেজি হাড়ছাড়া মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে দুই চামচ মটর ডাল ভেজে নিয়ে তা ব্লেন্ডারে গুঁড়ো করে রাখুন। একই তেলে রসুন, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ মচমচে করে ভেজে নিন। এরপর ভাজা মসলাগুলো ডালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে পুনরায় ব্লেন্ড করে নিতে হবে।
অন্য একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে হলুদ, মরিচ, জিরা গুঁড়ো ও স্বাদমতো লবণ মেখে ভালো করে ভেজে নিন। ভাজা মাংস ব্লেন্ড করা ডাল ও মসলার মিশ্রণের সঙ্গে দিয়ে আবারও ব্লেন্ড করুন। এক্ষেত্রে মাংস পছন্দমতো মিহি বা আধাভাঙা রাখা যেতে পারে। সবশেষে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা ও খাঁটি সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন ভর্তা। গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করলে খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যাবে।
রিপোর্টারের নাম 























