বরিশালে তীব্র লোডশেডিং ও প্রচণ্ড গরমের প্রভাবে লেয়ার মুরগির ডিম উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে স্থানীয় বাজারে ডিম ও মুরগির দাম বাড়তে শুরু করেছে। খামারিরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের অসহনীয় গরমে অনেক মুরগি অসুস্থ হয়ে পড়েছে এবং ওজন কমে যাওয়ায় ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি খামারিরা।
খামারিদের ভাষ্যমতে, অতিরিক্ত গরমে অনেক মুরগি মারা গেছে এবং খাবারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। লোডশেডিংয়ের কারণে মুরগি ঠিকমতো খাবার না খাওয়ায় তাদের শারীরিক সক্ষমতা কমে গেছে। ফলে বাজারে লেয়ার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে এবং প্রতিটি ডিমে দাম বেড়েছে অন্তত এক টাকা করে। খুচরা বাজারে হালিতে ডিমের দাম বেড়েছে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বর্তমানে বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়ায় লোডশেডিং কিছুটা কমেছে। তবে আগের কয়েক সপ্তাহের লোডশেডিংয়ের যে প্রভাব খামারে পড়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং মুরগির শারীরিক অবস্থার উন্নতি হলে ডিমের উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 
























