বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘সরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে খরচ তুলনামূলকভাবে কম হয়। বেসরকারি মেডিকেল কলেজে পড়লে যেখানে ৪০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, সেখানে রাষ্ট্র জনগণের করের টাকায় আপনাদের পড়াশোনার ব্যবস্থা করছে। তাই জনগণের টাকায় ডাক্তার হয়ে আপনাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং জনগণকে সেবা দিন। মানবিক দৃষ্টিকোণ ও নৈতিক দায়বদ্ধতা থেকে কাজ করলে আপনারা মানুষের দোয়া পাবেন এবং সৃষ্টিকর্তার কাছেও প্রশংসিত হবেন।’
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে নুরুল হক নূর আরও বলেন, ‘সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এসব ক্ষেত্রে সফল হতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।’
তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল হাসপাতালে জনবল ও চিকিৎসক সংকট দূর করার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। জনসাধারণকে হেলথ কার্ড প্রদান ও ই-স্বাস্থ্য সেবাসহ নানাবিধ সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে।
নুর আরও বলেন, ‘খুব শিগগিরই জনবল নিয়োগের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সমস্যা সমাধান করা হবে। পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সব সময়ই ধারণ ক্ষমতার তিনগুণ রোগী থাকায়, রোগীরা প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি পটুয়াখালী মেডিক্যাল কলেজের সঙ্গে একটি ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ, স্থানীয় সরকার উপসচিব জুয়েল রানা, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























