২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন।
তদন্তাধীন এই মামলায় ইতিমধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হকসহ ছয়জন কারাগারে রয়েছেন। আগামী ৭ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে দায়ের করা ওই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন।
রিপোর্টারের নাম 























