ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নির্ধারণ করতে এবং নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে আজ রাতেই কলকাতা সফরে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দলীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচনের জন্য তাকে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। নিয়ম অনুযায়ী, যেকোনো রাজ্যে নির্বাচনের পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতেই সংসদীয় দলের নেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়। এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পথে থাকায় এই বৈঠক থেকেই নির্ধারিত হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম।
অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে পদত্যাগ করছেন না। তিনি দাবি করেন, তাদের পরাজয় হয়নি এবং রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন এক নতুন মোড় নিয়েছে।
রিপোর্টারের নাম 




















