রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) -এর উদ্যোগে ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এবারের দিবসটি “IP and Sports: Ready, Set, Innovate” প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধা-সম্পদের গুরুত্ব তুলে ধরে।
সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই অনুষ্ঠানে উপ-উপাচার্যদ্বয়, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আইকিউএসি-এর পরিচালকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মেধাসম্পদের সুরক্ষা, উদ্ভাবনের প্রসার এবং ক্রীড়াক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব নিয়ে বিভিন্ন ব্যানার ও স্লোগান প্রদর্শন করেন।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মেধাসম্পদের সঠিক সুরক্ষা ও ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বিশেষ করে ক্রীড়াঙ্গনে উদ্ভাবন, প্রযুক্তি ও সৃজনশীল ধারণার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন করে তোলা এবং গবেষণা ও উদ্ভাবনে উৎসাহিত করাই আইকিউএসি-এর অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি অঙ্গীকার যা উদ্ভাবনকে মূল্যায়ন, সৃজনশীলতাকে সম্মান এবং মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার ওপর জোর দেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা প্রদান এবং ক্রীড়াঙ্গনে মেধা-সম্পদের যথাযথ ব্যবহারের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এই দিবসের মূল উদ্দেশ্য।
রিপোর্টারের নাম 
























