উচ্চশিক্ষা ও গবেষণায় ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিভিন্ন প্রতিকূলতা ও সীমাবদ্ধতাকে জয় করে বিশ্ববিদ্যালয়টি স্কোপাস ইনডেক্স জার্নালে গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছে। ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, স্কোপাস ইনডেক্সভুক্ত জার্নালে সর্বোচ্চ সংখ্যক গবেষণা প্রকাশের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, নোবিপ্রবির মোট গবেষণা প্রকাশনা সংখ্যা ২,৮৯৩টি, যেখানে গবেষক হিসেবে যুক্ত রয়েছেন ১,৫২৫ জন। ২০২০ সাল থেকে শুরু করে প্রতি বছরই তাদের প্রকাশনার সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। নবীন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও দেশের প্রতিষ্ঠিত ও বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাল্লা দিয়ে এই অগ্রযাত্রা গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
গবেষণার এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যভিত্তিক সংস্থা টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়টি ১২০১-১৫০০ ব্যান্ডে জায়গা করে নিয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির প্রমাণ বহন করে।
রিপোর্টারের নাম 
























