‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো এ দেশেও সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার শপথ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এরপর তথ্য ভবনের সম্মেলনকক্ষে ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আরও অংশ নেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে এই দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
রিপোর্টারের নাম 

























