কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মো. মোস্তাক মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িচং পৌরসভার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক মিয়া ওই গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক করাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোস্তাক। এতে করাতটি সরাসরি তার গলায় আঘাত করে এবং গভীর ক্ষতের সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাহিদ হাসান জানান, করাতের আঘাতে গলার শ্বাসনালীসহ অনেকটা অংশ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার প্রাণহানি ঘটে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























