দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে উজানের ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি কিছুটা বেড়েছে। শনিবার সকাল ৯টায় পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানিয়েছে, কয়েক দিন ধরে একটানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শনিবার ভোর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে।
লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। এই অঞ্চলে নদীতে সামান্য পানি বাড়লেই নদীতীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। পানি বাড়লে নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিস্তা ব্যারাজ ডালিয়া কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানিয়েছেন, শনিবার ভোর থেকে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তা ব্যারাজ এলাকার বাসিন্দা কফিল উদ্দিন জানান, দুই দিন ধরে উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। তিনি বলেন, ‘শুরু হলো আতঙ্কের দিন, কখন যে ভারতের উজানের ঢলে বন্যায় ভেসে বেড়াই হামরাগুলা সেই চিন্তায় আছি।’
তিস্তা ব্যারাজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। তবে এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বড় ধরনের বন্যার আশঙ্কা এই মুহূর্তে নেই।
রিপোর্টারের নাম 

























