বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে মসজিদের জায়গা জোরপূর্বক দখল করে সেখানে দোকান নির্মাণ এবং ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। রূপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বারের ভাই আবেদ আলী এই জমি জবরদখল করেছেন বলে জানা গেছে। গত ১০ বছর ধরে তিনি এই দোকানগুলো ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন।
রূপসীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন শনিবার সকালে এই অভিযোগ করেন। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মসজিদের জমি উদ্ধারে হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ অনুযায়ী, উপজেলার ২৯৪ নং দরদরী মৌজার প্রায় ৩ একর ৩৫ শতক জায়গা রূপসীপাড়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির নামে রেকর্ডভুক্ত রয়েছে এবং মসজিদ কর্তৃপক্ষ নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।
রেকর্ডভুক্ত জমি দখলে থাকলেও, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবেদ আলী দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের প্রায় ১০ শতক জায়গা দখল করে নেন। পরে তিনি সেখানে তিনটি দোকানঘর নির্মাণ করেন। একটিতে তিনি নিজে ব্যবসা করছেন এবং বাকি দুটি ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ রয়েছে।
মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, বারবার মসজিদ প্রাঙ্গণ ছেড়ে দেওয়ার অনুরোধ সত্ত্বেও আবেদ আলী তা প্রত্যাখ্যান করেছেন। উল্টো তিনি মসজিদ কমিটির সদস্যদের বিভিন্ন মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছেন, যা মসজিদের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করছে এবং এলাকায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা সৃষ্টি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধীয় জায়গার ওপর একটি গ্যারেজ ও একটি চা দোকান রয়েছে। পাশের একটি জায়গা জবরদখল করে একটি পাকা ভবন নির্মাণ করেছে আনসার ও ভিডিপি। এক দোকানের ভাড়াটিয়া রহিম জানান, ১৩ বছর আগে আবেদ আলীর কাছ থেকে মাসিক দুই হাজার টাকা ভাড়ায় দোকানটি নিয়েছেন, তবে জায়গাটির মালিকানা সম্পর্কে তিনি অবগত নন।
রিপোর্টারের নাম 
























