মায়ের মমতা হারানো এক শিশুর হৃদয়স্পর্শী গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’। জুলহাস জায়েদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল। প্লাস মিডিয়ার ব্যানারে নির্মিত এই নাটকটিতে উঠে এসেছে ছোটবেলায় মা হারানো শিশুদের একাকীত্ব ও জীবন সংগ্রামের করুণ চিত্র।
নাটকের গল্পে দেখা যায়, খুব ছোট থাকতেই কঠিন রোগে আক্রান্ত হয়ে মাকে হারায় তুলি নামের এক শিশু। বাবার আদরে বড় হলেও একসময় পারিবারিক সিদ্ধান্তে তুলির বাবা তার শ্যালিকাকে বিয়ে করেন। তবে সৎ মায়ের সংসারে তুলির ঠাঁই কোথায় হয় এবং সে কি তার খালার মাঝে নিজের মায়ের ছায়া খুঁজে পায়, তা নিয়েই এগিয়েছে নাটকের কাহিনী। পরিচালক জানান, এটি একটি জীবনমুখী কাজ যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।
নাটকটিতে শিশুশিল্পী হিসেবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌনিয়া রহমান বনান্তী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইফতেখার ইফতি, মিহি আহসান এবং সুমায়রা রহমান। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মানসম্মত কন্টেন্ট হিসেবে নাটকটি ইতিমধ্যে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























