জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চুরির এক নৃশংস ঘটনা ঘটেছে। ঘুমন্ত এক বৃদ্ধার কানের সোনার দুল ছিনিয়ে নিতে গিয়ে তার কানের লতি ছিঁড়ে ফেলেছে এক চোর। বুধবার দিবাগত রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কয়েদভান (৭০) ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধা কয়েদভান তার বাড়িতে একাই থাকতেন। রাতে জানালার পাশের বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় চোর জানালার গ্রিল দিয়ে হাত ঢুকিয়ে তার কানের দুল ধরে সজোরে টান দেয়। এতে বৃদ্ধার কানের লতি ছিঁড়ে যায় এবং চোর দুলটি নিয়ে চম্পট দেয়। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধার কানে ১০টি সেলাই দিতে হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। চুরিকৃত স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























