পুলিশ বাহিনীর আধুনিকায়ন, সংস্কার এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো। বুধবার সংসদ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এই প্রস্তাব দেন। বৈঠকে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সাংবাদিকদের সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা ও জবাবদিহির বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন। তিনি বিশেষ করে পুলিশের মিডিয়া উইংয়ে কর্মরত কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর জোর দেন, যাতে জননিরাপত্তা ও তথ্য আদান-প্রদানে বাহিনীর ভূমিকা আরও ফলপ্রসূ হয়।
ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, পুলিশ ও সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে তাদের বিশেষ প্রকল্প চলমান রয়েছে। ইতিপূর্বে দেশের ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই কর্মসূচিগুলো নিয়মিত দাপ্তরিক কাজের ব্যাঘাত না ঘটিয়ে সুবিধাজনক সময়ে আয়োজনের পরামর্শ দেন।
রিপোর্টারের নাম 






















