টানা ভারী বর্ষণ ও অকাল বন্যায় হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদান করা হবে। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক জরুরি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই আশ্বাসের কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের মানুষের দুর্দশা অত্যন্ত বেদনাদায়ক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে আগেই স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। বন্যায় সুনামগঞ্জসহ হাওর এলাকার তিনটি জেলা এবং ময়মনসিংহের কিছু অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকেও ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। মাঠ পর্যায়ে কৃষকরা যাতে ধান কাটাসহ অন্যান্য জরুরি কাজগুলো নির্বিঘ্নে করতে পারেন, সে বিষয়েও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারের এই ঘোষণায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















