রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতের এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন সুমন মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তি। বুধবার সকালে উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জোতকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ঘটনার সময় সুমন তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন, তবে তার কোল থেকে ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় শিশুটি।
নিহত সুমন মণ্ডল ওই গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে এবং তিনি আগে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, বিকট শব্দে বজ্রপাত হওয়ার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাবার অকাল মৃত্যুতে পরিবারটিতে এখন মাতম চলছে, আর ছোট্ট সাফিয়া বুঝতেই পারছে না সে তার প্রিয় বাবাকে চিরতরে হারিয়েছে।
রিপোর্টারের নাম 
























