মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে বরিশাল নগরীর আটটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বন্দর রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়। এনএসআই-এর পক্ষ থেকে এসব ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হয়। এরপর যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, হেলথ এইড মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা, নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার টাকা, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, এসব প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম চালাচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























