রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৭ মে থেকে তিন দিনব্যাপী খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৬’ শুরু হতে যাচ্ছে। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে গত ৮ বছরের ধারাবাহিকতায় এই মেলা অনুষ্ঠিত হবে। আগামী ৭ থেকে ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সোমবার সেমস বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস এবং সেমস-বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মাহমুদ রীয়াদ হাসান।
আয়োজকরা জানান, এই প্রদর্শনী সংশ্লিষ্ট শিল্পের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে কৃষি ও খাদ্য খাতের নানাবিধ বাস্তব সমাধান তুলে ধরা হবে। এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের অগ্রগতিতেও প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।
আয়োজকসূত্রে জানা যায়, এবারের মেলায় ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ একইসাথে অনুষ্ঠিত হবে। এছাড়াও ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এই প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের অংশগ্রহণ থাকবে।
রিপোর্টারের নাম 

























