সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কালবৈশাখী ঝড়ের সময় সদর ও জামালগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬), বৈটাখালী গ্রামের জমির হোসেন (৪০) এবং জামালগঞ্জ উপজেলার রূপাবালী গ্রামের আবু ছালেক (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জমির উদ্দিনের মৃত্যু হয়। অন্যদিকে, নদীঘাটে দোকান খুলতে যাওয়ার পথে বজ্রপাতে গুরুতর আহত হন জমির হোসেন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই সময়ে জামালগঞ্জ উপজেলায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন আবু ছালেক নামে এক যুবক। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে নিশ্চিত করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, বিকেলের মধ্যে বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।
রিপোর্টারের নাম 
























