সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত কল্যাণে দ্রুততম সময়ে ‘দশম ওয়েজ বোর্ড’ গঠন করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সংবাদকর্মীরা ভালো থাকলে দেশ, জাতি ও দেশের গণতন্ত্র সুসংহত থাকবে। সোমবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আক্ষেপ করে বলেন, গণমাধ্যমকে সরকার অনেক আগেই শিল্প হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। কিন্তু বাস্তবে এটি এখনো পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি। এই সংকটের কারণে অনেক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, যা অত্যন্ত বেদনাদায়ক। তিনি মনে করেন, সরকারি কর্মকর্তাদের মতো সাংবাদিকদের জন্যও একটি সম্মানজনক বেতন কাঠামো ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা নিশ্চিত করা উচিত।
পেশাদার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি নবীন সাংবাদিকদের অভিজ্ঞ অগ্রজদের পথ অনুসরণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে, দেশে বর্তমানে একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের অগ্রণী ও জোরালো ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি।
রিপোর্টারের নাম 

























