সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং প্রকল্পে’ নিম্নমানের ও পচা খাবার সরবরাহ এবং তা খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। মাদারীপুরে এ ঘটনার তদন্তে জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ঘটনায় সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে আরেকটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকার এই প্রকল্প চালু করলেও সম্প্রতি মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি বিদ্যালয়ে মিড-ডে মিল খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে মাদারীপুরের সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতিমধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং সেখানকার সরবরাহকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করায় কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 



















